মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে মাদক কারবারিদের ছুরিকাঘাতে জীবন তালুকদার (২২) নামে ছাত্রদলের এক নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মধ্যরাতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত জীবন তালুকদার উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার মিন্টু তালুকদারের ছেলে। তিনি নওয়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
আটকরা হলেন- গুয়াখোলা গ্রামের নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন রেলবস্তির কামরুল সরদারের ছেলে মাদক কারবারি জাকির হোসেন (৩৫) ও একই রেলবস্তির ওয়াহিদ গাজীর ছেলে রবিউল গাজী।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা জীবন তালুকদার জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় মাদক বিক্রিতে বাধা দিলে মাদক কারবারি ফুলজান বিবি, বাহাদুর, ফারুক, মজিদ, জাকির, রবিউলসহ অজ্ঞাতনামা কয়েকজন তার উপর হামলা চালায়। এক পর্যায়ে মজিদ তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হানপাতালে পাঠানো হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ছাত্রদল নেতা জীবনের উপর হামলা ও ছুরিকাঘাতের সঙ্গে জড়িত সন্দেহে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আপনার মতামত লিখুন :