আন্তঃনগর ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে আগামী ৬ জুলাই সোমবার যশোর রেল স্টেশনে অবস্থান কর্মসূচি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬, ০৮:০০
স্টাফ রিপোর্টার :
ঢাকা-যশোর রেলপথে প্রভাতি আন্তঃনগর ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে আগামী ৬ জুলাই সোমবার যশোর রেল স্টেশনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর শহরের নীলরতন ধর রোডের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে ‘ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্প’ চালু হলেও দিনে মাত্র একটি ট্রেন দুইবার যাতায়াত করে, যা রাষ্ট্রীয় অর্থের চরম অপচয়। ভোরের দিকে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ‘প্রভাতি ট্রেন’ এবং সন্ধ্যায় ঢাকা থেকে ফিরতি ট্রেনের দাবিতে ২০২৩ সাল থেকে আন্দোলন চললেও রেল কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এরই প্রতিবাদে আগামী ৬ জুলাই সোমবার বেলা ১টায় যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সংগ্রাম কমিটির ৬ দফা দাবি:
১. বেনাপোল/দর্শনা-যশোর-ঢাকা রুটে ১টি প্রভাতি ট্রেনসহ মোট ৩টি নতুন আন্তঃনগর ট্রেন চালু করা।
২. সাধারণ ও নিম্নআয়ের মানুষের সুবিধার্থে সকল ট্রেনে পর্যাপ্ত সাধারণ বগি যুক্ত করা।
৩. দর্শনা-খুলনা এবং বেনাপোল-যশোর রুটে দ্রুত ডবল রেল লাইন স্থাপন করা।
৪. বেনাপোল/দর্শনা থেকে যশোর-ঢাকা রুটে নিয়মিত কমিউটর ট্রেন চালু করা।
৫. সিঙ্গিয়া রেল স্টেশনে অবিলম্বে ‘ইনল্যাণ্ড কনটেইনার টার্মিনাল’ (আইসিটি) চালু করা।
৬. রেলকে গণযোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তুলতে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া।
সংবাদ সম্মেলনে যশোরবাসীর দাবির পক্ষে পাশে দাঁড়ানোয় যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ধন্যবাদ জানানো হয়। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কাওসার আলী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, নুরুল আমিন, মজিবুর রহমান মন্টু, হাবিবুর রহমান মিলনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :