নিজেস্ব প্রতিনিধি:
যশোরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ‘উত্তম উৎপাদন অনুশীলন’ (GMP) বাস্তবায়নের লক্ষ্যে হোটেল মালিকদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার (৫ মে) সমাপ্ত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ‘পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয়মূলক কার্যক্রম শক্তিশালীকরণ’ (STIRC) প্রকল্পের উদ্যোগে যশোর ক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
সমাপনী দিনে প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত জানান জেলা নিরাপদ খাদ্য অফিসার (অতিরিক্ত) আদ্দা আন সিনা। তিনি বলেন, “যশোরের হোটেল মালিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। আজকের সেশনে প্রায় ৩০ জন মালিক ও প্রতিনিধি অংশ নিয়েছেন। এখানে শুধু তাত্ত্বিক আলোচনাই নয়, বরং অংশগ্রহণকারীদের সরাসরি একটি হোটেলে নিয়ে গিয়ে হাতে-কলমে (Practical) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা কর্মক্ষেত্রে এর সঠিক প্রয়োগ করতে পারেন।”
জাইকা-এসটিআইআরসি (STIRC) প্রকল্পের ন্যাশনাল প্রোগ্রামার মোহাম্মদ মাসুদ আলম খাদ্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান খাবার শুধু মুখরোচক হলেই চলবে না, তা যেন জনস্বাস্থ্যের জন্য নিরাপদ হয় তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। উৎপাদনস্থল (মাঠ) থেকে ভোক্তার টেবিল পর্যন্ত পুরো শৃঙ্খলকে নিরাপদ করতে জাইকা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।
কর্মশালায় বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন (STIRC প্রকল্প) ডেপুটি টিম লিডার মিস মানা ইশিকাওয়া, খাদ্য নিরাপত্তা পরামর্শদাতা ও প্রশিক্ষক শাহ আরাফাত রহমান, ইউনুস আলী ও জাহিদুল আহসান খান।
দুই দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী হোটেল মালিকরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ খাদ্য পরিবেশন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :