• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রংপুরে পরিবারসহ গণপতি হত্যা: যশোরে নাগরিক সমাজের বিচার দাবি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
রংপুরে গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে ‘যশোর নাগরিক সমাজ’। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর হামলার প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শহরের দড়াটানাস্থ ভৈরব চত্বরে নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দে, রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবুল কায়েশ, হাসিনুর রহমান ও তসলিমুর রহমান।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন হিন্দু মহাজোট যশোর জেলার সভাপতি অমল অধিকারী, সনাতন ধর্মসংঘ যশোরের সম্পাদক অধ্যাপক অখিলেশ চক্রবর্তী, গ্রাম থিয়েটার আন্দোলনের সুন্দরবন অঞ্চলের সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান, অধিকারকর্মী রুবাইদুল হক সুমন, রাকিবুল ইসলাম নয়ন, যুবমৈত্রী যশোর জেলা কমিটির সভাপতি অনুপ কুমার পিন্টু এবং সাংস্কৃতিক সংগঠক ও যুবনেতা সুকান্ত দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, রংপুরে গণপতি চক্রবর্তীর পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বর্বর ও মর্মান্তিক। অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংস্কৃতি চর্চায় বাধা দূর করা এবং মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।