• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট তৌহিদুর রহমান আর নেই


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২০
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিনিধি, যশোর:
যশোর জেলা তথা দক্ষিণাঞ্চলের সংবাদমাধ্যম ও আইন অঙ্গনের অন্যতম পথিকৃৎ, প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ আইনজীবী ও সাংবাদিক অ্যাডভোকেট তৌহিদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (০৫ অক্টোবর ২০২৬) ভোরে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই প্রবীণ ব্যক্তিত্বের মৃত্যুতে যশোরসহ সারাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অ্যাডভোকেট তৌহিদুর রহমান ১৯৩৬ সালের ২২ জুন নড়াইল জেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে তিনি যশোরে আয়কর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৬০ সাল থেকে তিনি সরাসরি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। প্রথমে ‘এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান’ (এপিপি) এবং স্বাধীনতা পরবর্তীতে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) যশোর প্রতিনিধি হিসেবে দীর্ঘ ৩৫ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

যশোরের সংবাদ জগৎকে আধুনিক রূপ দিতে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তাঁর অবদান ঐতিহাসিকভাবে স্মরণীয়। এছাড়া তিনি যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রথম সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাবের প্রাক্তন গভর্নর হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। যশোরের সর্বজনশ্রদ্ধেয় ‘তৌহিদ চাচা’ খ্যাত এই প্রবীণ ব্যক্তিত্ব বহু সেবামূলক প্রতিষ্ঠানের শীর্ষ পদে থেকে আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের সন্তানরা বিদেশে অবস্থান করছেন। তাঁরা দেশে ফেরার পর আগামী বুধবার ঢাকার ধানমণ্ডি তাকওয়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতির প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুমের মৃত্যুতে পৃথক শোক বার্তা দিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন ও আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোর কর্তৃপক্ষ। আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা ও পরিচালক ডা. মো. ইমদাদুল হক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সমবেদনা জানিয়েছেন। তারা গণমাধ্যম ও আইন অঙ্গনে তৌহিদুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে মরহুম তৌহিদুর রহমান ও ডা. শেখ মহিউদ্দিন অত্যন্ত ঘনিষ্ঠ ও সুহৃদ ছিলেন।