‘বিভাজনের রাজনীতি নয়, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই’— জামায়াত আমির
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৩
স্টাফ রিপোর্টার :
ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে এলাকাটিকে একটি আধুনিক ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, "আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়তে চাই। পেছনের বিষয় নিয়ে আর বিভাজনের রাজনীতি নয়, বরং সবাই মিলেমিশে সামনে এগিয়ে যেতে চাই।"
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল হাই স্কুল এলাকায় ঢাকা-১৫ আসনের গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মিরপুরকে ‘জুলাই বিপ্লবের দুর্গ’ হিসেবে অভিহিত করে ডা. শফিকুর রহমান বলেন, এই এলাকাটি বর্তমানে দখলদারি, জলাবদ্ধতা ও যানজটের অভিশাপ সইছে। একটু বৃষ্টি হলেই কাজীপাড়া, শেওড়াপাড়া ও পল্লবীতে যে হাঁটু পানি জমে, তার স্থায়ী সমাধান করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পরিকল্পিত টেকসই রাস্তাঘাট নির্মাণ করা হবে।
নারীদের নিরাপত্তা ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, প্রতিটি ওয়ার্ডে সিসিটিভি স্থাপন ও শক্তিশালী কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি সাফ জানিয়ে দেন, "মাদকের বিরুদ্ধে আমাদের নীতি হবে জিরো টলারেন্স। মাদককে আর সহ্য করা হবে না, একে সমাজ থেকে সমূলে উপড়ে ফেলা হবে।"
ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, "যাদের চাঁদা তোলার মানসিকতা আছে, তারা ফুটপাত দখলমুক্ত করতে পারবে না। জামায়াতে ইসলামীকে আল্লাহ এই অভিশাপ থেকে মুক্ত রেখেছেন।" এছাড়া বস্তিবাসীদের উচ্ছেদ না করে মানবিক ও পরিকল্পিত উন্নয়ন এবং মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের কথা বলেন তিনি।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, "সবাইকে নিয়ে সুশৃঙ্খল ও ভদ্রভাবে প্রচারণা চালাতে চাই। আসুন সবাই সবার বক্তব্য জনগণের কাছে তুলে ধরি এবং আস্থাটা জনগণের ওপরই রাখি।"
ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আধিপত্যবাদ মোকাবিলায় দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। আগামী প্রজন্মকে সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলে একটি বাসযোগ্য রাজধানী উপহার দেওয়াই তার মূল লক্ষ্য।
গণসংযোগকালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :