অরিজিৎ সিং: একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি!
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩২
বিনোদন ডেস্ক :
দুই দশকের বর্ণিল ক্যারিয়ার, শত শত ব্লকবাস্টার গান আর কোটি ভক্তের উন্মাদনা—সবকিছুর মধ্যগগনে দাঁড়িয়ে এক বিষাদময় ঘোষণা দিলেন বলিউডের সুরের জাদুকর অরিজিৎ সিং। সিনেমার গান বা প্লে-ব্যাক থেকে চিরতরে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলা ও হিন্দি গানের এই প্রবাদপ্রতিম শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে ভক্তদের স্তব্ধ করে দিয়েছেন।
কেন এই আকস্মিক বিদায়? নিজের এই সাহসী সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে অরিজিৎ সিং সরাসরি ‘একঘেয়েমি’র কথা উল্লেখ করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে গিয়ে তিনি ক্লান্ত বোধ করছিলেন। শিল্পী লিখেছেন,
“এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গিয়েছি। আসলে একটা কাজ দীর্ঘদিন ধরে করলে আমার বড্ড একঘেয়েমি চলে আসে। যে কারণে আমার গানের অ্যারেঞ্জমেন্টেও নানা বদল করি। তাই এবার নতুন ধরনের সঙ্গীতের খোঁজে ডুব দিলাম।”
প্লে-ব্যাক ছাড়ার পেছনে কেবল নিজের ক্লান্তিই নয়, নতুন প্রজন্মের প্রতি অগাধ ভালোবাসার কথাও জানিয়েছেন অরিজিৎ। তিনি চান নতুন শিল্পীরা উঠে আসুক এবং ইন্ডাস্ট্রিকে নতুন কিছু উপহার দিক। অরিজিতের ভাষায়, “আমি ভীষণভাবে নতুনদের গান শুনতে চাই। নতুনরা আমায় অনুপ্রেরণা জোগাবে, সেদিকেই তাকিয়ে আছি আমি।”
২০১০ সালে তেলুগু ছবি 'কেডি'-র মাধ্যমে প্লে-ব্যাক শুরু হলেও বলিউডে তাঁর জয়যাত্রা শুরু হয় 'মার্ডার ২' দিয়ে। তবে ২০১৩ সালে 'আশিকী ২' ছবির ‘তুম হি হো’ গানটি তাঁকে রাতারাতি গ্লোবাল সুপারস্টারে পরিণত করে। এরপর দীর্ঘ ২০ বছর ধরে বলিউডের এমন কোনো বড় সিনেমা নেই যেখানে অরিজিতের কণ্ঠ প্রতিধ্বনিত হয়নি।
তবে ভক্তদের জন্য আশার কথা হলো, অরিজিৎ গান গাওয়া বা সংগীতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না। তিনি কেবল বাণিজ্যিক সিনেমার প্লে-ব্যাক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। আগামী দিনে তিনি নিজের স্বাধীন মিউজিক লেবেল ও স্বতন্ত্র ঘরানার সংগীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :