• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রানার সম্পাদক মুকুল হত্যাকাণ্ডের ২৮ বছরেও খুনিরা পর্দার আড়ালে


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
দীর্ঘ ২৮ বছরেও উন্মোচিত হলো না যশোরের আলোচিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের রহস্য। গত ১৬ বছর ধরে উচ্চ আদালতে আইনি জটিলতায় বন্দি হয়ে আছে চাঞ্চল্যকর এই হত্যা মামলার কার্যক্রম। ফলে আড়াই দশকের বেশি সময় পার হলেও অধরাই রয়ে গেছে ঘাতকরা। এতে বিচার না পেয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহত মুকুলের পরিবার এবং যশোরের সাংবাদিক সমাজ।

এ অবস্থার মধ্য দিয়েই আজ রোববার (৩০ আগস্ট) যশোরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনগুলোর উদ্যোগে পালিত হচ্ছে শহীদ সাংবাদিক মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে ফেরার পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের নির্মম বোমা হামলায় নিহত হন সাংবাদিক সাইফুল আলম মুকুল। পরদিন তাঁর স্ত্রী হাফিজা আক্তার শিরিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ১৯৯৯ সালের ২৩ এপ্রিল সিআইডির তৎকালীন এএসপি দুলাল উদ্দিন আকন্দ সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে প্রথম চার্জশিট জমা দেন।

পরবর্তীতে আইনি জটিলতায় মামলার গতি থমকে গেলে হাইকোর্ট এটি বাতিল করেন। তবে সাত বছর পর ২০০৫ সালে হাইকোর্টের নির্দেশে মামলাটি পুনরুজ্জীবিত করে বর্ধিত তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় সিআইডি। ২০০৬ সালে যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল ২২ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন (যেখান থেকে তৎকালীন মন্ত্রী তরিকুল ইসলামসহ দুজনকে অব্যাহতি দেওয়া হয়)। ২০১০ সালের মধ্যে ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করে নিম্ন আদালত।

তবে ২০১০ সালে মামলাটি থেকে অব্যাহতি পেতে আসামি সাংবাদিক ফারাজী আজমল হোসেন হাইকোর্টে রিট আবেদন করলে বিচারকাজ পুনরায় স্থবির হয়ে পড়ে। গত ১৬ বছর ধরে রিটটি নিষ্পত্তি না হওয়ায় চূড়ান্ত যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শুরু করতে পারছে না নিম্ন আদালত।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, নিম্ন আদালতে বিচারকাজ শেষ পর্যায়ে থাকলেও হাইকোর্টে এক আসামির আবেদনের কারণে স্থবিরতা তৈরি হয়েছে। উচ্চ আদালতে রিট নিষ্পত্তি হওয়া মাত্রই বিচারকাজ শেষ করে রায় ঘোষণা সম্ভব হবে।

এদিকে, শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) ও সাংবাদিক ইউনিয়ন যশোর (এসওয়াইজে) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোক র‍্যালি, চারখাম্বার মোড়ে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল।