• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা: দুর্নীতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬, ১১:৩৯
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি 
যশোরের অভয়নগরে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। রবিবার (২৯ মার্চ) দুপুরে অভয়নগর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মাসিক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অপরাধ নির্মূলে স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে সভায় নওয়াপাড়া নদীবন্দর ও পৌর এলাকার সার্বিক শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
  • চাঁদাবাজি বন্ধ: নওয়াপাড়া নদীবন্দর এলাকায় কার্গো জাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায় অবিলম্বে বন্ধ করা।
  • দখলমুক্তকরণ: নূরবাগ এলাকায় মহাসড়কের ফুটপাত, নওয়াপাড়া বাজারের অভ্যন্তরীণ সড়ক এবং ভৈরব নদের তীরবর্তী পৌরসভার ওয়াকওয়ে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা।
  • বাজার মনিটরিং: তেল ও গ্যাস সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করা সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা।
  • সামাজিক সচেতনতা: নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
সভায় কমিটির সদস্যরা সাফ জানিয়ে দেন, অভয়নগরকে অপরাধমুক্ত রাখতে কোনো ধরনের আপস করা হবে না। ঘোষিত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহায়তা চাওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা কমিটির এ সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন ও সাধারণ সম্পাদক মহিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, উপজেলা শিক্ষা কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।