চৌগাছায় হাট ইজারা নিয়ে চাঁদাবাজির অভিযোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬, ১৩:৩৮
নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা পৌরসভার সাধারণ হাট ইজারা কেন্দ্র করে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে এক ব্যবসায়ী থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার নিরিবিলিপাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান সেন্টু (৫০) গত ৫ মার্চ ২০২৬ তারিখে পৌরসভার সাধারণ হাটের টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকায় ১৪৩৩ বাংলা সনের জন্য ইজারা লাভ করেন।
অভিযোগে বলা হয়, ইজারা পাওয়ার পর থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে এবং হাটের খাজনা উত্তোলনে বাধা দেওয়ার হুমকি দেয়।
এজাহারে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে—মোঃ শুকুর আলী (৪৫), ডিএম হাফিজুর রহমান (৫০), সহকারী অধ্যাপক, কাঠগড়া কলেজ, মোঃ আব্দুর রহিম (৫২), মোঃ মাসুদ (৪০), মোঃ উজ্জ্বল হোসেন (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে।
অভিযোগে আরও বলা হয়, গত ১৪ এপ্রিল থেকে অভিযুক্তরা জোরপূর্বক হাটের কাঁচাবাজার, মাছ বাজার ও ফুটপাতের দোকান থেকে প্রায় ১ লাখ টাকা চাঁদা আদায় করে। এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল সকাল ৯টার দিকে ভুক্তভোগীর খাজনা আদায়কারী মোঃ আরিফুল ইসলাম অসিম (৪০) মাছ বাজার এলাকায় গেলে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাকে খাজনা আদায়ে বাধা দেয়, গালিগালাজ করে এবং তার রশিদ বই ছিনিয়ে নেয়। পরে তাকে বাজার এলাকা থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদা আদায়ের চেষ্টা করে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও সমাধান না হওয়ায় তিনি থানায় এজাহার দায়ের করেন।
এ বিষয়ে চৌগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :