• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬, ১৪:১৫
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসন্ন সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যশোরে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে যশোর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল করিম ও বাদল চাকলাদারসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিগত সংসদ নির্বাচনের প্রার্থী খবির গাজী।

প্রস্তুতি সভায় বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন এবং দেশের সার্বিক উন্নয়নে তাঁর ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, "হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন আধুনিক বাংলাদেশের একজন সফল রাষ্ট্রনায়ক। তাঁর আমলেই দেশের ইতিহাসে সবচেয়ে ব্যাপক ও দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছিল। বিশেষ করে জেলা ও উপজেলার সংখ্যা বৃদ্ধি করে তিনি প্রশাসনিক সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন।"

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের রাস্তাঘাট, সেতু, কালভার্টসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এরশাদ সরকার যে অনন্য ভূমিকা রেখেছিল, তা আজীবন দেশবাসী স্মরণ রাখবে। এই মহান নেতার আদর্শকে সমুন্নত রাখতে এবং তাঁর আসন্ন মৃত্যুবার্ষিকীর সকল কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সভায় জেলা, উপজেলা ও শহর কমিটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।