মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর কর অঞ্চলে ১১৮ কর্মচারীকে বরণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬, ১৩:১৪
স্টাফ রিপোর্টার :
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর কর অঞ্চলে ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে নবনিয়োগপ্রাপ্ত ১১৮ জন কর্মচারীকে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার নবাগত কর্মচারীদের যোগদান উপলক্ষে যশোর কর অঞ্চলের উদ্যোগে শহরের মনিহার তালতলা মোড়ের বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে এই যোগদান ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কর অঞ্চলের কমিশনার মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল আখতার হোসেন, ট্যাক্স বার যশোরের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন টুলু এবং দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও প্রেস ক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে নবনিয়োগপ্রাপ্ত কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন যশোর কর অঞ্চলের যুগ্ম কমিশনার মামুন মিয়া।
অনুষ্ঠানের প্রথমার্ধে নতুন নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন কর অঞ্চল যশোরের সিনিয়র স্টাফবৃন্দ। বর্তমান সময়ে কোনো প্রকার তদবির বা অনিয়ম ছাড়া, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি বিশেষ করে কর কমিশনের মতো প্রতিষ্ঠানে চাকরি পেয়ে নবাগতদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রধান অতিথি কর কমিশনার মাসুদ রানা তাঁর বক্তব্যে যশোর কর অঞ্চলের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন, ২০২৫ সালের ১০ এপ্রিল প্রেষণে খুলনা কর অঞ্চলের ৩২ জন কর্মচারী নিয়ে যশোর কর অঞ্চলের যাত্রা শুরু হয়। যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলায় ২২টি সার্কেলের কার্যক্রম গত এক বছর ধরে এই স্বল্পসংখ্যক কর্মচারী দিয়ে পরিচালনা করতে গিয়ে আমাদের নানা সংকট মোকাবিলা করতে হয়েছে। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও সদ্য সমাপ্ত অর্থবছরের ১০ মাসে যশোর কর অঞ্চলের মাধ্যমে ৯৭১ কোটি টাকার রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে।"
তিনি আরও জানান, এই কর অঞ্চলকে সুসংহত করার লক্ষ্যে ১৩তম থেকে ২০তম গ্রেডে ১২২ জন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছিল। নানা ধাপ অতিক্রম করে সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে আজ ১১৮ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো।
স্বচ্ছতার সাথে এই বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগে সহায়তার জন্য তিনি যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য ও মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
নবীন কর্মচারীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, "আজ থেকে আপনারা যারা যশোর কর অঞ্চল পরিবারের গর্বিত সদস্য হলেন, তারা মনে রাখবেন—সততার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 'সবার আগে বাংলাদেশ' গড়তে হলে প্রথমেই সকলকে যার যার অবস্থান থেকে সততার সাথে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন যশোর কর অঞ্চল সদর সার্কেলের উপ-কর কমিশনার দেলোয়ারা জাহান। অনুষ্ঠানের শেষে কর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নতুন কর্মচারীদের কর্মজীবনের সাফল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :