প্লাস্টিক বর্জনের বিনিময়ে গোলাপ গাছ: যশোরে 'নবচেতনা'র অভিনব ধরিত্রী দিবস পালন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬, ১৪:১১
নিজস্ব প্রতিবেদক
পরিবেশের পরম শত্রু প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলছে একটি সতেজ গোলাপের চারা। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে যশোরে এমনই এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব কর্মসূচি পালন করেছে সামাজিক ও মানবিক সংগঠন 'নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ'। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের কালেক্টরেট স্কুলের সামনে এই অভিনব বিনিময় কার্যক্রম পরিচালিত হয়।
"আমাদের শক্তি, আমাদের গ্রহ"
এ বছর দিবসটির প্রতিপাদ্য "আমাদের শক্তি, আমাদের গ্রহ"-কে সামনে রেখে দুপুর ১২টা ৩০ মিনিটে কর্মসূচিটি শুরু হয়। সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে প্লাস্টিক বর্জনের বিনিময়ে বৃক্ষ উপহারের এই উদ্যোগ শহরবাসীর নজর কেড়েছে।
বর্জ্য দিলেই উপহার
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে ও পথচারীরা তাদের ব্যবহৃত পরিত্যক্ত প্লাস্টিক বোতল বা পলিথিন বর্জ্য সংগঠনের ভ্রাম্যমান বুথে জমা দিচ্ছেন এবং বিনিময়ে হাসি মুখে উপহার হিসেবে গ্রহণ করছেন একটি করে গোলাপের চারা। প্লাস্টিক দূষণ রোধে এমন সৃজনশীল উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
পুরো কর্মসূচিটির মূল সমন্বয় ও পরিচালনায় ছিলেন সংগঠনের অন্যতম সদস্য মোঃ মিলন শেখ আপন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ,সংগঠনের সাবেক সভাপতি ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মুনির। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির সমন্বয়ক মোঃ মিলন শেখ আপন জানান:
"প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য এক ভয়াবহ হুমকি। আমরা চেয়েছি বিশ্ব ধরিত্রী দিবসকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষকে সরাসরি সম্পৃক্ত করতে। প্লাস্টিক বর্জনের বিনিময়ে গোলাপ গাছ উপহার দেওয়ার মূল লক্ষ্য হলো মানুষকে সচেতন করা এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন পৃথিবীর বার্তা পৌঁছে দেওয়া।"
ব্যাপক প্রচারণা
দিবসটি উপলক্ষে কেবল চারা বিতরণই নয়, বরং যশোর শহর জুড়ে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচার কার্যক্রম চালায় সংগঠনটি। পরিবেশ সুরক্ষায় 'নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ'-এর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
আপনার মতামত লিখুন :