• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মজুরি বৃদ্ধির দাবিতে যশোরে এসিআই সীড প্রসেসিং সেন্টারের শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬, ১৪:১৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক মজুরি বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন যশোরের এসিআই সীড প্রসেসিং সেন্টারের শ্রমিকরা। আজ বুধবার সকালে সদর উপজেলার শানতলা-চুড়ামনকাটি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা এ আন্দোলন করেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করলেও তাদের মজুরি বাড়ানো হয়নি। বর্তমানে প্রতিদিন ৯ ঘণ্টা কঠোর পরিশ্রম করে তারা মাত্র ১৭৫ টাকা পারিশ্রমিক পাচ্ছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এই সামান্য টাকায় পরিবার নিয়ে সংসার চালানো তাদের জন্য একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে তাদের পক্ষে কাজ করা আর সম্ভব নয় বলেও জানান তারা।

জানা গেছে, দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করার পর কর্তৃপক্ষ দাবি না মানায় শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করে বাড়িতে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে এসিআই সীড প্রসেসিং সেন্টারের সিনিয়র ইনভেন্টরি অফিসার সাইদুর রহমান বলেন, শ্রমিকদের দৈনিক বেতন ১০ থেকে ১৫ টাকা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। তারপরও তারা নানা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে দীর্ঘদিন ধরে একই মজুরিতে কাজ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই সাধারণ শ্রমিকরা। দ্রুত মজুরি পুনর্নির্ধারণ করে এই সংকট দূর করতে তারা কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।