দৌলতদিয়া ঘাটে বাসডুবি: মৃত্যু বেড়ে ২৩
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬, ০৩:২১
নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৪ জন পুরুষ রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইতোমধ্যে ২১ জনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হাফিজুর রহমান নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃতদের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন— রাজবাড়ী পৌরসভার রেহেনা আক্তার (৬১), জহুরা অন্তি (২৭), কাজী সাইফ (৩০), তাজবিদ (৭), সোহা আক্তার (১১) ও আহনাফ তাহমিদ খান (২৫)। কুষ্টিয়া জেলার মর্জিনা খাতুন (৫৬), রাজীব বিশ্বাস (২৮), শিশু ইস্রাফিল (৩) ও আয়েশা সিদ্দিকা (১৩)।
এছাড়া গোয়ালন্দের মর্জিনা আক্তার (৩২) ও সাফিয়া আক্তার রিন্থি (১২); কালুখালীর ফাইজ শাহানূর (১১), নাজমিরা জেসমিন (৩০) ও আব্দুর রহমান (৬); বালিয়াকান্দির গাড়ি চালক আরমান খান (৩১); রাজবাড়ী সদরের লিমা আক্তার (২৬), জোছনা (৩৫) ও শিশু সাবিত হাসান (৮); গোপালগঞ্জের মুক্তা খানম (৩৮); দিনাজপুরের নাছিমা (৪০); ঢাকার আশুলিয়ার আয়েশা আক্তার সুমা (৩০) এবং ঝিনাইদহের ৭ মাস বয়সী শিশু আরমান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই বাসটি পন্টুন থেকে সরাসরি গভীর পদ্মায় তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে।
এনডিসি মো. হাফিজুর রহমান বলেন, "এখন পর্যন্ত মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ রাতেই স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ জেলা সদর হাসপাতালে সংরক্ষিত আছে, পরিবারের সদস্যরা এলে হস্তান্তর করা হবে।"
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় রাজবাড়ী ও কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আজও ভারী হয়ে আছে দৌলতদিয়া ঘাট এলাকা।
আপনার মতামত লিখুন :