এক যুগ পর সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা: প্রথম ঘাঁটি হস্তান্তর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫
আন্তর্জাতিক ডেস্ক :
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর সিরিয়া থেকে নিজেদের সব সৈন্য পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের অংশ হিসেবে গত সপ্তাহে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি থেকে সকল সৈন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘাঁটিটি সিরীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এবং বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০১৪ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর উত্থান ঘটে। সে সময় সিরিয়া ও ইরাকের বিশাল ভূখণ্ড দখল করে নেয় গোষ্ঠীটি। আইএস দমনে সিরীয় সরকারকে সহযোগিতা এবং বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎকালীন ওবামা প্রশাসন দেশটিতে প্রায় ২ হাজার সেনা মোতায়েন করেছিল। বর্তমানে সিরিয়ার বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন, যাদের ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) এক উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, বর্তমানে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, "সিরিয়ায় এখন একটি স্থিতিশীল সরকার রয়েছে এবং আইএসের হুমকিও আগের মতো শক্তিশালী নয়। তাই আমরা সেখান থেকে সেনাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে একটি গ্রুপ ফিরে এসেছে এবং সংশ্লিষ্ট ঘাঁটিটি সিরীয় সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।"
তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, আইএস এখনও বৈশ্বিক শান্তির জন্য হুমকি এবং মধ্যপ্রাচ্যে তাদের যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে মার্কিন বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।
প্রাথমিকভাবে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হস্তান্তরের মাধ্যমে এই প্রক্রিয়ার সূচনা হলো। পেন্টাগন জানিয়েছে, নিরাপত্তার খাতিরে সুনির্দিষ্ট সময়সীমা প্রকাশ না করা হলেও অত্যন্ত দ্রুততার সাথে সব কটি ঘাঁটি থেকে মার্কিন পতাকাবাহী সেনাদের সরিয়ে নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :