যশোর এমএম কলেজে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদের নামফলক ভাঙচুর: শিক্ষার্থীদের ক্ষোভ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৭
স্টাফ রিপোর্টার :
যশোর সরকারি এমএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শরীফ হোসেনের নামে নামকরণকৃত সড়কের নামফলক দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। বিজ্ঞান ভবনের সামনের এই নামফলকটি অযত্ন-অবহেলায় পড়ে থাকায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, ২০২১ সালের ২৫ আগস্ট কলা ভবনের পেছন থেকে বিজ্ঞান ভবন পর্যন্ত সড়কটির দুই পাশে দুটি নামফলক স্থাপন করে সড়কটির নামকরণ করা হয়েছিল ‘অধ্যক্ষ শরীফ হোসেন সড়ক’। তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মজিদ এই সড়কের উদ্বোধন করেছিলেন। তবে গত এক মাসেরও বেশি সময় ধরে বিজ্ঞান ভবনের সামনের নামফলকটি ভেঙে পড়ে আছে।
শিক্ষার্থীদের প্রশ্ন, যে শিক্ষাবিদ পুরো উপমহাদেশে জ্ঞানের আলো ছড়িয়েছেন, তাঁর স্মৃতি কি এভাবেই ক্যাম্পাসের কোণে অবহেলায় হারিয়ে যাবে? দ্রুত এই নামফলক সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থী ও ছাত্রনেতা মাছুম বিল্লাহ বলেন, "প্রফেসর শরীফ হোসেন স্যার একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তাঁর সম্মানার্থে কলেজের একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। কিন্তু আজ তাঁর স্মৃতিফলক অবহেলার শিকার। দ্রুত এটি সংরক্ষণের দাবি জানাচ্ছি।"
আরেক শিক্ষার্থী কেএম জারিদুল ইসলাম বলেন, "কলেজ প্রশাসন স্বীকৃতি দিয়েছে বলেই তাঁর নামে সড়কের নামকরণ করা হয়েছে। নতুন প্রজন্মের উচিত তাঁর অবদান সম্পর্কে আরও বেশি জানা। তাঁর সম্মানের প্রতীক এই নামফলকটি দ্রুত সংস্কার করা হোক।"
এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম জানান, "নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করায় নামফলকটি আগে থেকেই কিছুটা দুর্বল ছিল। এছাড়া বহিরাগত শিশুরা সড়কে খেলার সময় ধাক্কা দিয়ে এটি ফেলে দেয়। কলেজের উন্নয়নমূলক কাজের ফান্ড পেলেই নতুন করে রড ও ঢালাই দিয়ে অত্যন্ত মজবুতভাবে এটি সংস্কার করা হবে।"
উল্লেখ্য, শহরের খড়কী পীর বাড়ির সন্তান প্রফেসর মোহাম্মদ শরীফ হোসেন ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এমএম কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। উপমহাদেশে পাঠাগার আন্দোলনের অন্যতম এই পুরোধা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ যশোরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
আপনার মতামত লিখুন :