• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আর্তনাদ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪
ছবির ক্যাপশন:

অভয়নগর (যশোর) প্রতিনিধি
‘আমার একমাত্র ছেলে নাফিজ হাসান জিম (১৩) ছয় দিন আগে বাড়ি থেকে মাদরাসায় গিয়ে এখনো ফিরে আসেনি। ছেলেটি কোথায় আছে, কী খাচ্ছে, কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে, কিছুই জানি না।’
যশোরের অভয়নগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া নাফিজ হাসান জিমের মা মেহেজাবিন সুলতানা এভাবেই কথাগুলো বলছিলেন আর আর্তনাদ করছিলেন। এক পর্যায়ে তিনি বলেন, জিমের বাবা এস এম আবুল কাশেম একজন দিনমজুর। উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে তাদের বসবাস।

নিখোঁজ নাফিজ হাসান জিমের বাবা এস এম আবুল কাশেম বলেন, আমার ছেলে উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া এবতেদায়ি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। ইতোমধ্যে সে কুরআন শরীফের দুই পারা শেষ করেছে। গত ৯ অক্টোবর (২০২৬) বিকালে বাড়ি থেকে বেরিয়ে মাদরাসায় গিয়ে নিখোঁজ হয়। এর পর অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে গত সোমবার (১২ অক্টোবর) অভয়নগর থানায় ছেলে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি নং-৬৯৩) করেছি।

তিনি জানান, নিখোঁজ হওয়ার সময় জিমের পরনে ছিল কফি রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। তার গায়ের রং ফরসা, মাথার চুল কালো ও ছোট, উচ্চতা চার ফুট, ওজন ৩৫ কেজি, মুখমণ্ডল গোলাকার।
সন্ধান পেলে যোগাযোগ করুন : ০১৯১৪-৭৭৯৬০০/ ০১৯১৩-৭১৮১৮০ অথবা নিকটস্থ থানায় হস্তান্তর করার অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘নিখোঁজ মাদরাসাছাত্র নাফিজ হাসান জিমকে খুঁজে পেতে সব ধরণের আইনি কার্যক্রম চলমান রয়েছে।’