আদর্শ সমাজ গঠনে সৎ চরিত্র, নৈতিকতা ও তাকওয়া অপরিহার্য: মো. মোবারক হোসাইন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অক্টোবর ২০২৬, ১০:৫২
স্টাফ রিপোর্টার, যশোর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন বলেছেন, একটি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রধান পূর্বশর্ত হলো সৎ চরিত্র, নৈতিকতা, তাকওয়া ও আল্লাহভীতি। দুনিয়ার ক্ষণস্থায়ী লাভ-লোকসানের ঊর্ধ্বে উঠে ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে আখেরাতমুখী জীবন গড়ে তুলতে হবে এবং সব ক্ষেত্রে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।
শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
রুকনদের উদ্দেশ্যে মো. মোবারক হোসাইন বলেন, দায়িত্বশীলদের নিজ কাজ ও আচরণের মাধ্যমে সততা, ন্যায়পরায়ণতা এবং জনগণের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। আত্মশুদ্ধি, নিয়মিত অধ্যয়ন ও সাংগঠনিক শৃঙ্খলার পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করাই রুকনদের মূল কর্তব্য।
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের দাম বাড়ানো এবং রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণ ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণ একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা চায়। সরকার যদি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করে, তবে গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
আগামী ৩১ অক্টোবরের ঢাকা–খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কারের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। লংমার্চের আগেই এসব দাবি মেনে নিয়ে সরকারকে জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। অন্যথায় জনগণের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ ও নিয়মানুগ আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু সাদিক, যশোর-৫ ও যশোর-৬ আসনের সংসদ সদস্য যথাক্রমে অ্যাডভোকেট গাজী এনামুল হক ও অধ্যাপক মুক্তার আলী।
এ ছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান ও অধ্যাপক মনিরুল ইসলাম; জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, মাওলানা আব্দুস সামাদ, আব্দুল্লাহ আল মামুন সহ মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
শার্শা ও ঝিকরগাছায় মহিলা রুকন সমাবেশ
রুকন শিক্ষা শিবির শেষে মো. মোবারক হোসাইন ঝিকরগাছা ও শার্শায় আয়োজিত পৃথক দুটি মহিলা রুকন সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সমাবেশে তিনি বলেন, পরিবার ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং যুবসমাজকে সঠিক দিশা দেখাতে নারীদের ভূমিকা অপরিসীম। সততা, আমানতদারিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। একই সাথে আগামী ৩১ অক্টোবরের লংমার্চে যশোর জেলার নারী সমাজের ঐতিহাসিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :