যশোরে বাসে তল্লাশি করে ২ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬, ১৩:০০
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইকরামুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (০৬ জুন) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ইকরামুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার হাবিবুর গাইনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একটি আভিযানিক দল সকালে মালঞ্চি এলাকার যশোর-বেনাপোল সড়কে অবস্থান নেয়। দুপুরের দিকে সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লোকাল বাস ওই এলাকায় পৌঁছালে র্যাব সদস্যরা বাসটি থামিয়ে তল্লাশি শুরু করেন।
তল্লাশিকালে বাসের যাত্রী ইকরামুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার হেফাজত থেকে নিষিদ্ধ ও নেশাজাতীয় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো অভিনব কায়দায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :