ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯
আন্তর্জাতিক ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভা সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি প্রধান শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই ‘সর্বাত্মক অভিযান’ শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পাশে থেকে এই অভিযানে অংশ নিচ্ছে। তেহরানে যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তার খুব কাছেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর অবস্থিত।
সূত্রমতে, এই অভিযানটি বর্তমানে ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, অভিযানের এই প্রাথমিক ধাপ আগামী চার দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
উল্লেখ্য যে, গত শুক্রবার জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই তা শেষ হয়। বৈঠক শেষে ওয়াশিংটনে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, সংলাপের ফলাফলে তিনি সন্তুষ্ট নন। ট্রাম্পের এই অসন্তোষ প্রকাশের পর এক দিন পার হওয়ার আগেই তেহরানে বড় ধরনের সামরিক আঘাত এল।
তেহরানসহ ক্ষতিগ্রস্ত শহরগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আইডিএফ সূত্র বলছে, এটি ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার একটি পরিকল্পিত পদক্ষেপ। এদিকে, এই হামলার পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন ও চ্যানেল ১২।
আপনার মতামত লিখুন :