বসুন্দিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শীর্ষক আলোচনা সভা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬, ১৪:৫৩
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের উদ্যোগে ‘জুলাই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) বিকেল ৪টায় বসুন্দিয়া মোড়ে ইউনিয়ন জামায়াতের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর এবং বাঘারপাড়া ও অভয়নগর সংসদীয় আসনের সংসদ সদস্য গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় চেতনা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশ গঠনে জনগণের দায়িত্বের কথা তুলে ধরে বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সুশাসিত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর। তিনি তাঁর বক্তব্যে দেশ, সমাজ ও জাতির সার্বিক কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সততা ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আশরাফ আলী এবং সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক।
সভায় স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা থেকে বক্তারা সামাজিক ইনসাফ, মানবিক মূল্যবোধ এবং গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :