সিসিটিভির আওতায় যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার সকল কেন্দ্র
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬, ০৭:২৫
নিজস্ব প্রতিনিধি:
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৫৭০টি কলেজ থেকে ২৪০টি কেন্দ্রে মোট ১ লাখ ১৭ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯০৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ১৮৯ জন। প্রথমবারের মতো সব কটি পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে শুরু হতে যাচ্ছে এবারের এইচএসসি পরীক্ষা। আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) এই পরীক্ষা শুরু হবে।
বোর্ডের সচিব প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন নিশ্চিত করেছেন যে, অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার জন্য বোর্ডের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে ভিজিলেন্স টিমে গঠন করা হয়েছে। আগামী ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যশোর শিক্ষা বোর্ডের ইতিহাসে এবারই প্রথম ২৪০টি পরীক্ষা কেন্দ্রের সব কটিই সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় থাকছে জানান বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন। তিনি বলেন, এই সিসিটিভিগুলোর আইডি ও পাসওয়ার্ড বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তার তত্ত্বাবধানে থাকবে।এর ফলে বোর্ড কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে কেন্দ্র সচিবদের নিয়ে বৈঠক করেছে বোর্ড প্রশাসন। এছাড়া পুরো পরীক্ষা নজরদারির জন্য মোট ২৮টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :