নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতির কারণে জনগণ সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি। তিনি বলেন, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রতিনিধিরা সৎ ও যোগ্য হলে দেশ ও জনগণ সবচেয়ে বেশি লাভবান হয়।
গতকাল শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কার্যালয় অডিটোরিয়ামে আগামী স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, "স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব উন্নয়নমূলক কাজ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সম্পন্ন হয়। কিন্তু বর্তমানে অধিকাংশ জনপ্রতিনিধি দুর্নীতিগ্রস্ত হওয়ায় জনগণ তাদের প্রাপ্য সেবা পাচ্ছে না। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য প্রার্থী প্রদান করবে, যারা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত থেকে সরকারের সব সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।"
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য ড. মসলেহ উদ্দীন ফরিদ, মাগুরা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী এবং জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম ও অধ্যাপক মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আবুল হাশিম রেজা, নুর-ই-আলী নুর মামুন, মাওলানা আব্দুস সামাদ এবং মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাই প্রমুখ।
আপনার মতামত লিখুন :