• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘দেখে দেখে বক্তব্য দেওয়া সংসদের রেওয়াজ নয়’: স্পিকার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬, ১০:১৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্পিকারের পূর্বানুমতি ছাড়া দেখে দেখে বা লিখিত বক্তব্য পাঠ করা অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় দুই সংসদ সদস্য লিখিত কাগজ দেখে বক্তব্য প্রদান করলে স্পিকার তাদের থামিয়ে দেন। মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, “বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া ‘অ্যালাউ’ না। আপনি নোট রাখবেন, একবার দেখে হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এটাই সংসদের রেওয়াজ।” একইভাবে অলি উল্লাহকেও না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, এটি সবার মান্য করা উচিত।

অধিবেশনে মাসুদ বিন সাঈদী তার বক্তব্যে পিরোজপুরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জনগণ যে আমানত দিয়েছেন, তার সর্বোচ্চ মর্যাদা আমি আজীবন রক্ষা করব।” তিনি তার পিতা প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ সমুন্নত রেখে দেশে ইনসাফ কায়েমের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর জোর দিয়ে মাসুদ সাঈদী দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান। টিআইবির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিগত ১৫ বছরে কেবল সড়ক ও জনপথ বিভাগেই ৫২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এ সময় তিনি সরকারি শুল্কমুক্ত গাড়ি বর্জনের সংস্কৃতি চালুর প্রস্তাব দেন।

বিএনপির সংবিধান সংস্কার পরিষদে যোগ না দেওয়া নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি জুলাই সনদে বিশ্বাসী কি না বা গণ-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।”

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘জুলাই আবেগ নয়’—এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মাসুদ সাঈদী বলেন, “জুলাই আবেগ এবং বাস্তবতাও বটে। একে খাটো করে দেখার সুযোগ নেই।” তিনি আরও মনে করিয়ে দেন যে, সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী সব অধ্যাদেশই আইন, তাই স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দায়িত্বশীল হয়নি।