• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে কিশোর স্বাধীন হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি মায়ের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোরে ডাব চুরির অপবাদ দিয়ে ১৬ বছর বয়সী কিশোর স্বাধীন হত্যার সুষ্ঠু বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন নিহতের মা সুমাইয়া আক্তার। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি। এ সময় ছেলের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের মা।

লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার জানান, গত ১৮ অক্টোবর তার ছেলে স্বাধীন তার ফুপার সঙ্গে পূজামণ্ডপ দেখতে বাড়ি থেকে বের হয়েছিল। সেখানে স্থানীয় কয়েকজন ব্যক্তি ডাব চুরির অপবাদ দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে স্থানীয় কয়েকজন নারী ও পুরুষ বাধা দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হলেও আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি উদ্বেগের মধ্যে রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি মামলার আসামিদের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়া পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শ্রাবণী, মৌ, সুমি, পান্না ও জেসমিন উপস্থিত ছিলেন।