নিজস্ব প্রতিবেদক:
যশোরে এলপিজি গ্যাসের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ফিরোজ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) সকালে যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের ঢাকা রোড-উপশহর এলাকার ফিরোজ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে এলপিজি গ্যাসের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। এছাড়া সেপ্টেম্বর মাসের হালনাগাদ মূল্য তালিকার পরিবর্তে প্রতিষ্ঠানটিতে পূর্ববর্তী আগস্ট মাসের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছিল।
এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :