মনিরামপুর প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার বিল কাকুড়িয়ার জলাবদ্ধতা দূর ও দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থার দাবিতে স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী কৃষকরা।
রোববার (১৬ আগস্ট) বিকেলে কৃষকদের একটি প্রতিনিধিদল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে এই স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে জানানো হয়, উপজেলার ভোজগাতি, মনিরামপুর সদর এবং কাশিমনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান বিল কাকুড়িয়ার। শত বছরের ঐতিহ্যবাহী এই বিলটির ওপর নির্ভর করে শত শত কৃষকের স্বপ্ন এবং হাজারো মানুষের জীবিকা। কিন্তু সাম্প্রতিক সময়ে বিলে অপরিকল্পিতভাবে মৎস্য ঘের ও ভেড়ি নির্মাণ করায় স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই বিলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। একসময়ের আশীর্বাদপুষ্ট বিলটি এখন স্থানীয় কৃষকদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। হাজার হাজার একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এলাকার কৃষকেরা।
স্মারকলিপি প্রদানকালে কৃষকদের সাথে উপস্থিত ছিলেন ভোজগাতি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হোসেন এবং আব্দুল মান্নান দফাদার।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা বলেন, "বিল কাকুড়িয়া আমাদের জীবিকার মূল উৎস। কিন্তু অপরিকল্পিত ঘের ও ভেড়ি নির্মাণের কারণে বিলের পানি নামতে পারছে না। অবিলম্বে বিলের পানি নিষ্কাশনের উপযুক্ত পথ তৈরি করা না হলে এ অঞ্চলের কৃষি ও অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়বে।" তাঁরা বিল কাকুড়িয়ার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে মাননীয় এমপি ও ইউএনও মহোদয়ের আশু জরুরি হস্তক্ষেপ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানান।
স্মারকলিপি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখার এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।
আপনার মতামত লিখুন :