• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬, ০৮:৫৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে যশোর কোতোয়ালি থানাধীন দড়াটানা ব্রিজের পাশে প্রায় ৫০ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে মানবিক উদ্যোগে আলামিন নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার (২২ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার নাম-পরিচয় জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এদিকে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, পরিচয়হীন ও অসহায় মানুষটির প্রতি একজন পথচারীর মানবিক সহায়তা প্রশংসার দাবিদার। তবে শেষ পর্যন্ত তার পরিচয় জানা না যাওয়ায় ঘটনাটি এলাকায় মানবিক বেদনার সৃষ্টি করেছে।