• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির ঈদ লাকি কুপনের পুরস্কার বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬, ১৫:৪১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের ঐতিহ্যবাহী বিপণিবিতান ‘সিটি প্লাজা ব্যবসায়ী সমিতি’র ঈদ লাকি কুপনের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ জুন) মার্কেটটির নিজস্ব অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শাহারুল ইসলাম, প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক আবদুল কাদের, নির্বাহী কমিটির সদস্য শিকদার খালিদ ও হাবিবুর রহমান মিলনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তানভিরুল ইসলাম সোহান তাঁর বক্তব্যে বলেন, "সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির এই চমৎকার আয়োজন ক্রেতাদের মাঝে মার্কেটের আস্থা আরও বাড়িয়ে দেবে। তবে শুধু দেশীয় বাজার নয়, ব্যবসায়ীদের এখন নতুন উদ্যোক্তা তৈরি এবং পণ্য বিদেশে রপ্তানি করার দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। কোন ধরণের পণ্য আন্তর্জাতিক বাজারে পাঠানো যায়, তা নিয়ে এখন থেকেই ভাবতে হবে। আমরা যত বেশি পণ্য রপ্তানি করতে পারব, দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ তত বেশি শক্তিশালী হবে।"

অনুষ্ঠানে ঈদ লাকি কুপনের মহা-আকর্ষণীয় প্রথম পুরস্কার ‘৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেল জয়ী শহরের সিটিকলেজ পাড়ার বাসিন্দা মোহাম্মদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হৃদয় বলেন, "সাধারণত বড় বড় লটারির পুরস্কার বিতরণ নিয়ে মানুষের মনে এক ধরণের অবিশ্বাস থাকে। কিন্তু সিটি প্লাজা ব্যবসায়ী সমিতি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এই লটারি সম্পন্ন করেছে। এই দামি পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।"

লটারিতে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেড় টনের একটি এসি পেয়েছেন ঝুমঝুমপুরের মোহাম্মদ আলম এবং তৃতীয় পুরস্কার ২২০ লিটারের রেফ্রিজারেটর (ফ্রিজ) জিতেছেন নাজির শংকরপুরের বাসিন্দা রানি। অনুষ্ঠানে তিন ভাগ্যবানের পাশাপাশি মোট ২০ জন বিজয়ীর মাঝে আকর্ষণীয় সব পুরস্কার বিতরণ করা হয়।