সৌদিতে ৪১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, দেশে ফিরেছেন সাড়ে ১১ হাজার হাজি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬, ৬:৫৩
স্বপ্নভূমি ডেস্ক :
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী রয়েছেন। বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা পোর্টাল এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ৩০ জন পবিত্র মক্কায় এবং বাকি ১১ জন মদিনায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ গত সোমবার যে দুই বাংলাদেশি মারা গেছেন, তারা হলেন—নওগাঁর মো. আবদুল মজিদ (মৃত্যু: মদিনা) এবং ঢাকার খিলগাঁওয়ের মো. শাহজাহান আলী (মৃত্যু: মক্কা)।
এদিকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট চালু হয়। গতকাল পর্যন্ত মোট ১১ হাজার ৬১৩ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন। আগামী ৩০ জুন পর্যন্ত এই ফিরতি ফ্লাইট পরিচালনা করা হবে।
উল্লেখ্য, এ বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজে অংশ নিতে বাংলাদেশ থেকে এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি সৌদি আরব যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে যান ৭৩ হাজার ৯৩৫ জন।
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর বিশ্বজুড়ে ১৫ লক্ষাধিক মুসলমান পবিত্র হজের আনুষ্ঠানিকতায় অংশ নেন।
আপনার মতামত লিখুন :