যশোরে ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬, ১৪:১৮
নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও সংগ্রামের দৃপ্ত অঙ্গীকারে যশোরে পালিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ রবিবার (২৬ এপ্রিল) যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের জেলা সংসদের নেতা-কর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশের প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে ছাত্র ইউনিয়ন অগ্রণী ভূমিকা পালন করেছে। শোষণ, বঞ্চনা ও সাম্প্রদায়িকতামুক্ত একটি সাম্যবাদী সমাজ এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ার লক্ষ্যে সংগঠনটি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই আপসহীন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার লড়াইকে আরও বেগবান করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যশোর জেলা সংসদের সভাপতি রাশেদ খান ও সাধারণ সম্পাদক স্বাক্ষর দত্ত। সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন উদীচী যশোর জেলা সংসদের সভাপতি এডভোকেট আমিনুর রহমান হীরু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আবু হাসান, প্রবীণ কৃষকনেতা আব্দুর রহিমসহ ছাত্র ইউনিয়নের জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :