যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬, ১৩:০৫
স্টাফ রিপোর্টার :
যশোর শহরতলীর নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স নওয়াব আলী গোডাউন মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকার ওই গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে মিলের একটি গোডাউনে বিপুল পরিমাণ ভোজ্য তেলের সন্ধান মেলে। সেখানে মোট ২১১ ব্যারেল তেল মজুত ছিল, যার মধ্যে সয়াবিন তেল ৮১ ব্যারেল, পামওয়েল ৯০ ব্যারেল
সুপার ওয়েল ৪০ ব্যারেল, প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিল। জব্দকৃত মোট ৪৩ হাজার ৪৪ লিটার তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোজ্য তেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ পণ্য মজুত করা হয়েছিল। এ অপরাধে মিল মালিক হাসিব ইমামীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
আপনার মতামত লিখুন :