শর্ত না মানলে আজই বিলীন হতে পারে ইরানের সভ্যতা: ট্রাম্পের চরম হুঁশিয়ারি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬, ১৩:০৭
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সকল শর্ত ও দাবি অবিলম্বে মেনে না নিলে ইরানে ‘আস্ত একটি সভ্যতা’ বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই ভয়াবহ হুমকি দেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “আজ রাতেই আস্ত একটি সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটিই ঘটতে চলেছে।” পোস্টের শেষে তিনি রহস্যময়ভাবে যোগ করেন, “কে জানে কী হয়?”
তেহরানকে যুক্তরাষ্ট্রের দেওয়া দাবিগুলো মেনে নেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা বা আল্টিমেটাম বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই চূড়ান্ত বার্তা দিলেন তিনি। যদিও শর্ত না মানলে ঠিক কী ধরণের সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।
এর আগে এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেছিলেন যে, ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ বোমা হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ পাঠিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, আজকের এই পোস্ট সেই হুমকিরই বাস্তব রূপ দেওয়ার ইঙ্গিত।
ট্রাম্পের এমন যুদ্ধংদেহী মনোভাবে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান যদি শেষ মুহূর্তে কোনো সমঝোতায় না আসে, তবে আজ রাতেই অঞ্চলটি এক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হতে পারে।
সূত্র: এএফপি।
আপনার মতামত লিখুন :