অভয়নগরে হিন্দু বাড়িতে হামলার মামলায় বিএনপি নেতা জনির শোন অ্যারেস্ট
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩২
নিজস্ব প্রতিবেদক ঃ
যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিহাটি গ্রামে সংখ্যালঘু হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় অভয়নগর উপজেলা বিএনপির সাবেক নেতা আসাদুজ্জামান জনিকে ‘শোন অ্যারেস্ট’ (গ্রেফতার দেখানো) করার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকিয়া সুলতানা এ আদেশ প্রদান করেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২৫ সালের ২২ মে সন্ধ্যায় নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম সুন্দলী ইউনিয়নের ডহরমশিহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে একটি ঘরোয়া বৈঠক করছিলেন। ওই সময় একদল সশস্ত্র সন্ত্রাসী পিন্টু বিশ্বাসের বাড়িতে অতর্কিত ঢুকে তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করে। তরিকুল হত্যার পাশাপাশি সন্ত্রাসীরা ওই এলাকার হিন্দু পল্লীর পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়।
চাঞ্চল্যকর এই হামলার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান জনিকে এই মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর জন্য আদালতে আবেদন করেন। উল্লেখ্য, আসাদুজ্জামান জনি বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে আটক রয়েছেন। বুধবার আবেদনের শুনানি শেষে বিচারক তাকে ডহরমশিহাটি গ্রামের হামলার মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ঘটনার সাথে জনির সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
আপনার মতামত লিখুন :