দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬, ১৩:২১
স্বপ্নভূমি ডেস্ক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ে আবারও বড় ধরণের রদবদল ঘটেছে। দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় পদত্যাগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থিত হয়ে তারা নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, “আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এটি কোনো চাপের মুখে নয়, বরং নিয়মতান্ত্রিকভাবেই করা হয়েছে। নতুন পর্ষদ গঠিত হবে, তাদের জন্য আমার শুভকামনা রইল।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার সাথে নিয়োগ পান দুই কমিশনারও। এর আগে একই বছরের ২৯ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। তাদের স্থলাভিষিক্ত হওয়ার মাত্র কয়েক মাসের ব্যবধানে বর্তমান কমিশনের এই বিদায় সংস্থাটির ইতিহাসে বিরল ঘটনা।
২০০৪ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে স্বাধীন কমিশন হিসেবে দুদক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময়ে শীর্ষ কর্মকর্তাদের মেয়াদের আগে পদত্যাগের নজির রয়েছে। প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পদত্যাগ করেন। পরবর্তীতে সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরীও মেয়াদের আগে বিদায় নেন। তবে গোলাম রহমান, মো. বদিউজ্জামান এবং ইকবাল মাহমুদ তাদের মেয়াদ পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন।
বর্তমান কমিশনের এই গণপদত্যাগের ফলে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম আবারও নেতৃত্বহীন হয়ে পড়ল। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নতুন সার্চ কমিটির মাধ্যমে স্বচ্ছ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিশন পুনর্গঠন করার প্রক্রিয়া শুরু হবে।
আপনার মতামত লিখুন :