নির্দোষরা পাবেন না হয়রানি, অপরাধীদের পেতেই হবে সাজা’: নতুন চিফ প্রসিকিউটর আমিনুল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। সোমবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "প্রকৃত অপরাধীদের তাদের প্রাপ্য সাজা পেতেই হবে।"
দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে আমিনুল ইসলাম ন্যায়বিচারের নিশ্চয়তা দিয়ে বলেন, "যারা অপরাধী হিসেবে বিচারের সম্মুখীন, তাদের জন্য আমাদের বার্তা স্পষ্ট—যারা কোনো অন্যায় করেননি, তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনো প্রকার হয়রানির শিকার হবেন না। তবে যারা প্রকৃত অপরাধী, তাদের অবশ্যই উপযুক্ত সাজার মুখোমুখি হতে হবে।"
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগের কথা স্মরণ করে নতুন চিফ প্রসিকিউটর বলেন, "এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের যে আকাঙ্ক্ষা, তা পূরণে আমি নিজের সর্বোচ্চ মেধা, জ্ঞান ও দক্ষতা দিয়ে মামলাগুলো পরিচালনা করার চেষ্টা করব।"
কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার স্থান এই বিচারে থাকবে না উল্লেখ করে তিনি বলেন, "কারও প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী বিচারকার্য পরিচালিত হবে। কোনো মানুষের প্রতি আমাদের কোনো ব্যক্তিগত বিদ্বেষ থাকবে না।"
বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "চলমান বিচারের গতি কমার কোনো সুযোগ নেই। বরং প্রসিকিউশনের তৎপরতায় এই গতি আরও বাড়বে। দেশের সার্বিক গতি বাড়ানোর লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে, যার প্রতিফলন বিচারেও দেখা যাবে।"
সবার সহযোগিতা কামনা করে আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের প্রতিটি কার্যক্রম তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং স্বচ্ছতা নিশ্চিত করবেন।
আপনার মতামত লিখুন :