পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ জানান, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হতে পারে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনি জটিলতায় আটকে থাকা ইউনিয়নগুলো পরবর্তীতে সমন্বয়ের সুবিধার্থে পঞ্চম ধাপে ইউনিয়নের সংখ্যা তুলনামূলক কম রাখা হয়েছে। প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ২১ জানুয়ারি ধরে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
জাতীয় নির্বাচনের আদলেই স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এখনো কোনো দলের পক্ষ থেকে দাবি আসেনি উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনআইডি সেবা প্রসঙ্গে ইসি সানাউল্লাহ জানান, গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে কিছুটা জটিলতা দেখা দিয়েছে, যা সমাধানের কাজ চলছে। তবে এ কারণে এনআইডির কোনো সেবা বন্ধ নেই; অনুমোদিত এনআইডি গ্রাহকরা ওয়েবসাইট থেকে প্রিন্ট করে ব্যবহার করতে পারছেন। এছাড়া চুক্তি নবায়ন না হওয়া ও অডিট আপত্তি নিরসন করে ভবিষ্যতে সব কাজ চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এনআইডি সেবা আরও সহজ ও জনবান্ধব করতে আগামী বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে একটি কর্মশালাও আয়োজন করবে ইসি।
নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে পুনর্ব্যক্ত করেন আবুল ফজল মো. সানাউল্লাহ। সংরক্ষিত ইভিএমগুলো নিষ্পত্তির (ডিসপোজাল) জন্য গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত থাকা গাজীপুর থেকে যাচাই-বাছাইয়ের কাজ শুরু হবে। তবে ইভিএম-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকার বকেয়া পাওনা পূর্ববর্তী কমিশন যে কারণে বন্ধ রেখেছিল, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না জেনে বর্তমান কমিশন কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
আপনার মতামত লিখুন :