• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আগামীকাল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬, ১৫:২৭
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, যশোর:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং যশোর তথা দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর খ্যাত বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (৪ নভেম্বর)। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, বরেণ্য এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এবার দুই দিনের ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামীকালের (বুধবার) কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল সাড়ে ১০টায় কারবালা কবরস্থানে গিয়ে মরহুমের কবর জিয়ারত এবং সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল।

এছাড়াও একই স্থানে বেলা ১২টায় জেলা ছাত্রদলের আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং বেলা সাড়ে ১২টায় জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মুসল্লিদের মাঝে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হবে। দিনব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে, আগামী ১৪ নভেম্বর বেলা তিনটায় শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে একটি বিশাল স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর।

অন্যদিকে, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন জানান, আগামীকালের দিনে উপজেলার সব ইউনিয়নের প্রতিটি মসজিদে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রতিটি গ্রামে দরিদ্র মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ৬ নভেম্বর এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।