• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রেলরোড ফুডগোডাউনের পাশে বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ ও নগদ টাকা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ অগাস্ট ২০২৬, ১৪:৪২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর শহরের রেলরোড ফুডগোডাউনের দক্ষিণ পাশে একটি বসতঘরের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিকের পরিবারের সদস্য রবিউল ইসলাম রবি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত থেকে শুক্রবার (২১ আগস্ট) ভোরের মধ্যে যশোর শহরের রেলরোড ফুডগোডাউনের দক্ষিণ পাশে ৯৯২ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী রবিউল ইসলাম রবি, লোকমান সিকদারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে তারা আত্মীয়ের বাড়িতে সপরিবারে  রেরাতে যান। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। রাতের কোনো একসময় চোরেরা ঘরের চাল কেটে ভেতরে প্রবেশ করে।

পরে শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে দেখতে পান, ঘরের চাল কাটা এবং ভেতরের তিনটি কক্ষের বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ঘর থেকে আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়েছে।

চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে দুই জোড়া কানের দুল, দুটি চেইন ও দুটি আংটি। রবিউল ইসলাম জানান, এসব গহনা তার ছেলের স্ত্রীর। ছেলের বিয়ের সময় তিনি নিজে দেড় ভরি স্বর্ণ দিয়েছিলেন। পরে তার ছেলে নিজে কাজ করে আরও এক ভরি স্বর্ণ তৈরি করে স্ত্রীকে দেন। সব মিলিয়ে আড়াই ভরি স্বর্ণ ছিল।

এ ছাড়া চুরি যাওয়া ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে রবিউল ইসলাম জানান, তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করে প্রায় তিন বছর ধরে ধীরে ধীরে এই টাকা জমিয়েছিলেন। বাড়ির সামনে একটি দোকান নেওয়ার পরিকল্পনা ছিল তার। সেই সঞ্চয়ের টাকাই চোরেরা নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, রেলরোড ফুডগোডাউনের দক্ষিণ পাশের এলাকায় সম্প্রতি একাধিক চুরির ঘটনা ঘটেছে। ফলে নতুন করে এই চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ভুক্তভোগী রবিউল ইসলাম রবি চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।