গণভোটের রায় আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ: যশোরে বিরোধীদলীয় নেতা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬, ১০:১৫
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ। সাত দফা কোনো রাজনৈতিক নেতা বা দলের দাবি নয়, এটি জনগণের দাবি। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় দেশে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, সময় থাকতে শুভবুদ্ধির উদয় করুন এবং গণভোটের রায় বাস্তবায়ন করুন। অন্যথায় ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৭টায় যশোর শহরতলির মুড়লি মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, এসব কার্ড কি কারও বাবার তহবিল থেকে দেওয়া হচ্ছে? জনগণের তহবিল থেকেই দেওয়া হচ্ছে। আপনারা ৫১ শতাংশ মানুষের ভোটে ক্ষমতায় এসেছেন, সেটি আমরা মেনে নিয়েছি। কিন্তু ৭০ শতাংশ জনগণের রায় মানবেন না, তা হতে পারে না। এর মাধ্যমে জাতিকে নিয়ে তামাশা করা হচ্ছে। জনগণের এই রায় আমরা আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সাত দফা বাস্তবায়ন জনগণের অধিকার। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সরকারকে জনগণের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, কোষাধ্যক্ষ সাইফ মোস্তাফিজ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান এবং এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী।
এ ছাড়া বক্তব্য দেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং খেলাফত আন্দোলনের নায়েবে আমির কাজী আব্দুর রহিমসহ ১১ দলীয় জোটের নেতারা।
পথসভাটি বেলা আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ এতে অংশ নেন।
আপনার মতামত লিখুন :