বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিজিবি সদস্যরা ৩৫টি শাড়ি, ২টি থ্রি-পিস, ২টি কম্বল, ৯ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম জিরা, ১.৫ কেজি কিসমিস, ২৪০টি চকলেট এবং ৭০টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী আটক করেন। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের সিজার মূল্য আনুমানিক ৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিজাত কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তি (৪৯ বিজিবি)
আপনার মতামত লিখুন :