• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাইসাইকেল বিতরণ অনিয়ম: কোটচাঁদপুর উপজেলা জামায়াত আমির বরখাস্ত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬, ০৪:১৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে অনিয়ম ও গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশের জেরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে তাঁকে আগামী তিন মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক শিক্ষক আজিজুর রহমান মাস্টারকে উপজেলার নতুন ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর শহরের দুধসর সড়কস্থ আলফালা সেন্টারে আয়োজিত এক রুকন সম্মেলনে জেলা আমির ও সংসদ সদস্য (এমপি) আলী আজম মোহাম্মদ আবু বকর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুকন সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম নিজেই। তবে জুমার নামাজের বিরতির পর শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনে তিনি অনুপস্থিত থাকেন। তাঁর এই অনুপস্থিতিতেই জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর তদন্ত ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাজুল ইসলামকে ৩ মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ দেন।

এ বিষয়ে খবরের সত্যতা নিশ্চিত করে নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপজেলা আমির আজিজুর রহমান মাস্টার জানান, সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে সাবেক আমিরের বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তা রক্ষার্থে প্রাথমিকভাবে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কোটচাঁদপুর উপজেলায় সরকারি উদ্যোগে বাইসাইকেল বিতরণে চরম স্বেচ্ছাচারিতা ও অনিয়মের আশ্রয় নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি বিভিন্ন মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসলে জেলা জামায়াত এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে।

উক্ত রুকন সম্মেলনে অন্যান্যের মধ্যে জামায়াত নেতা মোয়াবিয়া, শরিফুল ইসলাম ও আব্দুর রাজ্জাকসহ উপজেলার প্রায় দুই শতাধিক রুকন প্রতিনিধি উপস্থিত ছিলেন।