• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঈদের আগেই দুই আসনের নির্বাচনী তফসিল; চূড়ান্ত তারিখ ৯ এপ্রিল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার (ইসি) মো. আব্দুর রহমানেল মাছুউদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনার জানান, "নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়ে আজই আমাদের সচিব আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা করবেন। কমিশনের পক্ষ থেকে যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।"

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের ঠিক আগমুহূর্তে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হলে সেখানে পুনরায় নতুন তফসিল ঘোষণা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

অন্যদিকে, সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তী সময়ে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, স্পিকার কর্তৃক আসনটি শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকায় কমিশন এই উদ্যোগ নিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দুই আসনেই স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সচিবের আনুষ্ঠানিক ঘোষণার পরই প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করতে পারবেন।