১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ থাকবে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
স্টাফ রিপোর্টার :
আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে সরকারি ছুটি ঘোষিত হওয়ায় দেশের সব বাণিজ্যিক বা তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ সময় ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা সশরীরে কর্মস্থলে উপস্থিত না থেকে সাধারণ ছুটি ভোগ করবেন।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছিল যে, জাতীয় নির্বাচন ও গণভোটের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সংশ্লিষ্ট এলাকায় বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
টানা দুদিন ব্যাংক বন্ধ থাকার ফলে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা চালু থাকলেও শাখা পর্যায়ে কোনো লেনদেন করা যাবে না। ফলে জরুরি লেনদেন ও চেক ক্লিয়ারেন্সের মতো কাজগুলো আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর পরবর্তী কার্যদিবসে ব্যাংকগুলো যথারীতি তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।
আপনার মতামত লিখুন :