সাগরে সৃষ্টি হচ্ছে অতিপ্রবল ঘূর্ণিঝড়, সতর্ক অবস্থানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১২
নিজস্ব প্রতিবেদক:
পূর্বমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত ও শক্তি সঞ্চয় করে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতিপথ বজায় থাকলে এটি আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার শঙ্কা দেখা দিয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর, ২০২৬) আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এ সময় এর অবস্থান ছিল ১৫.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১.০০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে গতি ও দিক পরিবর্তন করে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সমুদ্র ইতিমধ্যেই বেশ উত্তাল রয়েছে।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—দেশের এই চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :