মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের অন্যতম অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (৩ এপ্রিল) ইরানের মধ্যাঞ্চলে উড্ডয়নরত অবস্থায় বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জানায়, অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি ‘সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত’ হয়েছে। হামলার তীব্রতা এতই বেশি ছিল যে বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে পাইলটের ভাগ্য নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
এদিকে অপর সংবাদ মাধ্যম মেহের নিউজ উল্লেখ করেছে, বিমানটি অত্যন্ত দ্রুতগতিতে বিধ্বস্ত হওয়ায় পাইলট সম্ভবত বের হওয়ার (ইজেক্ট) সুযোগ পাননি। ধারণা করা হচ্ছে, তিনি বিমানের ভেতরেই প্রাণ হারিয়েছেন।
তবে এই স্পর্শকাতর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে বিভিন্ন সময়ে ইরানের পক্ষ থেকে মার্কিন আকাশযান ভূপাতিত করার দাবি জানানো হলেও ওয়াশিংটন তা নাকচ করে দিয়েছিল।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা চরম আকার ধারণ করে। সাম্প্রতিক এই দাবি সত্য হলে, এটি তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের সক্ষমতা প্রদর্শন হিসেবে বিবেচিত হবে।
আপনার মতামত লিখুন :