মুক্তেশ্বরী নদী দখলমুক্ত রাখতে সরকারি উকিলকে সহায়তায় আইনজীবী নিয়োগের আবেদন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
স্টাফ রিপোর্টার :
যশোরের ভাটুড়িয়া ইউনিয়নের ছোট নারায়নপুর এলাকায় মুক্তেশ্বরী নদী ও বিল হরিণার প্রবাহপথ অবমুক্ত রাখতে এবং অবৈধ দখলদারদের মামলা মোকাবেলায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখা, ‘মুক্তেশ্বরী নদী ও বিল হরিণা বাঁচাও আন্দোলন’ এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর যৌথ উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরোবরে এই আবেদনপত্রটি জমা দেওয়া হয়।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্রের অবৈধ দখল ও মাটি ভরাটের কারণে মুক্তেশ্বরী নদীর প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এর ফলে স্থানীয় কৃষক, মৎস্যজীবী ও সাধারণ এলাকাবাসী চরম জলাবদ্ধতার শিকার হয়ে আসছেন। সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি ও জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় নদীর ভরাটকৃত মাটি অপসারণ করে প্রবাহপথ পুনঃপুনঃ উদ্ধার ও অবমুক্ত করা হয়।
তবে নদীটির প্রবাহ অবমুক্ত করার পর অবৈধ দখলদার চক্রটি এর বিরুদ্ধে জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেছে, যার আগামী শুনানি নির্ধারিত রয়েছে ৩০ সেপ্টেম্বর (বুধবার)। মামলায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সহকারী ভূমি কমিশনার (যশোর সদর), পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এবং জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
আবেদনকারীরা জানান, নদীর প্রকৃত সীমানা, সরকারি স্বার্থ এবং জনগণের জলাবদ্ধতা নিরসনের তথ্য আইনি প্রক্রিয়ায় সঠিকভাবে উপস্থাপনের জন্য সরকারি কৌঁসুলি বা উকিলকে সহযোগিতা করা অত্যন্ত জরুরি। এ উদ্দেশ্যে বাপা ও আন্দোলনকারীদের মনোনীত আইনজীবী জনাব রবিউল ইসলাম বেগকে সরকারি উকিলকে সহায়তার জন্য নিয়োগ প্রদান এবং মামলার প্রয়োজনীয় নথিপত্র, নকশা ও প্রতিবেদন সরবরাহের জোর দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাপা যশোর জেলা শাখার আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি, মুক্তেশ্বরী নদী ও বিল হরিণা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শেখ রকিবুল ইসলাম নয়ন এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে জনাব ফিরোজ হোসেন। তাঁরা আশা প্রকাশ করেন, ৩০ শে সেপ্টেম্বর শুনানির পূর্বেই এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :