‘অর্থের অভাবে সরকারি প্রতিষ্ঠানে কারও পড়ালেখা বন্ধ থাকবে না’: যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪
স্টাফ রিপোর্টার :
অর্থের অভাবে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোরের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। সরকারি প্রতিষ্ঠানে অর্থের অভাবে কেউ ভর্তি হতে না পারলে কিংবা পরীক্ষার ফি দিতে না পারলে তার দায়িত্ব নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "সরকারি প্রতিষ্ঠানে টাকার অভাবে কেউ ভর্তি হতে পারছে না বা পরীক্ষার ফি দিতে পারছে না—এমনটি হতে দেওয়া হবে না। অর্থের অভাবে কারও পড়া আটকে থাকবে না—প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যশোরে ইনশাআল্লাহ আমরা এ দায়িত্ব নেব।" তবে এটি শুধু সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তাদের এ ধরনের অসচ্ছল শিক্ষার্থীদের তথ্য জেলা প্রশাসন অথবা তাঁকে সরাসরি জানানোর আহ্বান জানান।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, "আমার মা যেহেতু শিক্ষকতা করতেন, তাই আপনাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও আলাদা দুর্বলতা কাজ করে। শ্রদ্ধার জায়গাটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে ধরে রাখবেন—এটাই প্রত্যাশা।"
বাল্যবিবাহ বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "যেখানে বাল্যবিবাহের ঘটনা ঘটবে, সেই তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্ট বাবা-মাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। যে কাজী বিয়ে রেজিস্ট্রি করবেন, তার নিবন্ধন বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বারকেও কৈফিয়তের মুখোমুখি হতে হবে। এটি কোনো ছেলেখেলা নয়।"
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকসহ জেলার বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :