অভয়নগরে শত্রুতাবশত মাছের ঘেরে বিষ প্রয়োগ: ২০ মণ মাছ নিধন, ৫ লাখের ক্ষতি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬, ১৩:৪১
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ বা গ্যাস ট্যাবলেট ব্যবহার করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২০ মণ মাছ মরে ভেসে উঠেছে। হঠাৎ এমন বড় লোকসানে দিশেহারা হয়ে পড়েছেন ঘেরের মালিক।
শনিবার (১৬ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ধোপাদী গ্রামের দপ্তরীপাড়ায় রফিকুল ইসলামের মাছের ঘেরে এই ঘটনা ঘটে। এ বিষয়ে রোববার (১৭ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত ঘের মালিক অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক রফিকুল ইসলাম জানান, এক একর ৩৫ শতক জায়গার ওপর করা তার ওই মাছের ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। শনিবার বিকেল ৪টার দিকে মাছের খাবার দিয়ে তিনি ঘের থেকে বাড়ি ফিরে যান। পরে রাত ১০টার দিকে ঘেরে গিয়ে দেখতে পান সব মাছ মরে ভেসে উঠছে। পূর্ব পরিকল্পিতভাবে কে বা কারা বিষ প্রয়োগ বা গ্যাস ট্যাবলেট ব্যবহার করে তার ঘেরের প্রায় ২০ মণ ছোট-বড় মাছ মেরে ফেলেছে। এতে তার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, "এই অন্যায়ের বিচার চেয়ে রোববার দুপুর ২টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি।"
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, "মাছের ঘেরে বিষ প্রয়োগের একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আপনার মতামত লিখুন :